কারওয়ান বাজারে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা নয়ন গ্রেপ্তার: আদাবরেও বেপরোয়া দখলাদারির অভিযোগ
রাজধানীর কারওয়ান বাজারে চাঁদা আদায়ের অভিযোগে আদাবর থানা ছাত্রদলের আহ্বায়ক নয়ন হোসেনকে গ্রেপ্তার করেছে ডিবি। তার বিরুদ্ধে আদাবরে জোরপূর্বক নালার কাজ করিয়ে চাঁদাবাজি ও ভবন দখলের অভিযোগ উঠেছে।
নিজস্ব প্রতিবেদক |
রাজধানীর কারওয়ান বাজারের মাছের আড়তে চাঁদা তোলার অভিযোগে গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে গ্রেপ্তার হয়েছেন আদাবর থানা ছাত্রদলের সাবেক আহ্বায়ক নয়ন হোসেন। তবে শুধু কারওয়ান বাজারই নয়, তার নিজস্ব এলাকা আদাবরেও দখলদারি, ফুটপাত ও বাসাবাড়ি থেকে জোরপূর্বক চাঁদা আদায়ের নানা অভিযোগ পাওয়া গেছে। নয়ন ও তার অনুসারীদের এই বেপরোয়া কর্মকাণ্ডে স্থানীয় বাসিন্দারা চরম অতিষ্ঠ ছিলেন বলে জানা গেছে।
নালার কাজ করিয়ে মোটা অঙ্কের টাকা আদায়: সরেজমিনে জানা যায়, ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন আদাবর মনসুরাবাদ হাউজিং এলাকায় রাস্তা ও ড্রেন সংস্কারের কাজ চলছে। সেখানকার ভবনমালিকদের নিজদের পছন্দমতো মিস্ত্রি দিয়ে কাজ করতে না দিয়ে, নয়নের অনুসারীরা জোরপূর্বক নিজেদের লোক দিয়ে পয়োনিষ্কাশন ও পানির নালার কাজ করতে বাধ্য করে। কাজ শেষে মিস্ত্রি খরচের নামে প্রতিটি ভবন থেকে জোরপূর্বক ২০ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত আদায় করা হয়। এমনকি চাঁদা দিতে অস্বাকৃতি জানালে হুমকি-ধমকি দেওয়ার অভিযোগও উঠেছে।
ভবন দখলের চেষ্টা ও ভাঙচুর: স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নয়ন ও তার সহযোগী আদাবর থানা ছাত্রদলের সদস্যসচিব মনিরুজ্জামান জসিমের নেতৃত্বে এলাকায় নির্মাণাধীন ভবন, এমব্রয়ডারি কারখানা ও ফুটপাতের দোকান থেকে নিয়মিত চাঁদা তোলা হতো। এমনকি গত ২৫ ফেব্রুয়ারি স্থানীয় এক বিএনপি নেতার বসতবাড়ি দখলের চেষ্টা ও ভাঙচুরের অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে।
ডিবি পুলিশের বক্তব্য: এ বিষয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) তেজগাঁও বিভাগের উপকমিশনার মো. জিয়াউদ্দিন আহম্মেদ জানান, সুনির্দিষ্ট চাঁদাবাজির অভিযোগে নয়নকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আসা অন্যান্য অভিযোগ ও অপরাধের বিষয়গুলোও খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে অন্য কারও সম্পৃক্ততা পাওয়া গেলে তাদেরকেও আইনের আওতায় আনা হবে।
আপনার প্রতিক্রিয়া কী?
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
মজার
0
রাগান্বিত
0
দুঃখিত
0
ওয়াও
0