বগুড়ার কাহালুতে ভূমি কর্মকর্তা হাওয়া বেগমের দুর্নীতি সিন্ডিকেট: খারিজে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

বগুড়ার কাহালু উপজেলার দুর্গাপুর ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা মোসাম্মত হাওয়া বেগমের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি ও অতিরিক্ত অর্থ আদায়ের সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে। ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা ও ঝাড়ুদারকে নিয়ে গড়ে তোলা হয়েছে শক্তিশালী সিন্ডিকেট।

নভেম্বর 5, 2026 - 06:08
নভেম্বর 5, 2026 - 08:46
 0  86
বগুড়ার কাহালুতে ভূমি কর্মকর্তা হাওয়া বেগমের দুর্নীতি সিন্ডিকেট: খারিজে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

বিশেষ অনুসন্ধানী প্রতিবেদক |

বগুড়ার কাহালু উপজেলার ৭ নম্বর দুর্গাপুর ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা মোসাম্মত হাওয়া বেগমের বিরুদ্ধে সীমাহীন অনিয়ম, ঘুষ বাণিজ্য ও হয়রানির চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। সেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে চতুরতার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে সম্প্রতি জেলা দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং জেলা প্রশাসক কার্যালয়ে একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। ওই অভিযোগের ভিত্তিতে আমাদের নিজস্ব অনুসন্ধানী টিম সত্যতা যাচাইয়ে মাঠে নামে।

যেভাবে পরিচালিত হয় দুর্নীতির সিন্ডিকেট: অনুসন্ধানে জানা যায়, নিজস্ব কার্যালয় না থাকায় দুর্গাপুর ইউনিয়ন পরিষদের একটি কক্ষে ভূমি অফিসের কার্যক্রম পরিচালিত হয়। গত দুই বছরের বেশি সময় ধরে এখানে কর্মরত ভূমি কর্মকর্তা হাওয়া বেগম নিজ কার্যালয়কে দুর্নীতির আখড়ায় পরিণত করেছেন। অভিযোগ রয়েছে, এই চক্রের মূল চালিকাশক্তি হলেন হাওয়া বেগম নিজেই। তাঁর ইশারায় পুরো অপকর্মটি পরিচালনা করেন ইউনিয়ন ডিজিটাল সেন্টারের অস্থায়ী উদ্যোক্তা শামীম হোসেন এবং ভূমি অফিসের অস্থায়ী ঝাড়ুদার মঞ্জুরুল করিম।

কোনো ভুক্তভোগী খাজনা বা নামজারি (খারিজ) করাতে আসলে ঝাড়ুদার মঞ্জুরুল করিম তাঁকে কৌশলে ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা শামীমের কাছে পাঠিয়ে দেন। শামীম সেখানে উচ্চমূল্যে খারিজের চুক্তি করে সেই ফাইল ভূমি কর্মকর্তা হাওয়া বেগমের কাছে হস্তান্তর করেন। পরে সিংহভাগ টাকা হাওয়া বেগম নিজে আত্মসাৎ করে শামীম ও মঞ্জুরুলকে কমিশন দেন।

ভুক্তভোগীদের সুনির্দিষ্ট অভিযোগ: ভুক্তভোগীরা জানান, সামান্য জমি খারিজের জন্য এই সিন্ডিকেট সাধারণ মানুষের রক্ত চুষে খাচ্ছে। এক অভিযোগকারী জানান, তাঁর মাত্র ২ শতাংশ জমি খারিজের জন্য শামীমের মাধ্যমে ২৫ হাজার টাকা দাবি করা হয় এবং ৩০ দিনের মধ্যে কাজ করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। আরেক ভুক্তভোগীর সাড়ে তিন বিঘা জমি খারিজের জন্য মঞ্জুরুল তাঁকে শামীমের কাছে নিয়ে যান। সেখানে শামীম সরাসরি ভূমি কর্মকর্তা হাওয়া বেগমের সঙ্গে ফোনে কথা বলে ৪০ হাজার টাকা দাবি করেন। নির্ধারিত সেই ঘুষের টাকা দিতে অস্বীকার করায় হাওয়া বেগম ও শামীম তাঁর জমির খাজনা ও খারিজের ফাইল আটকে দেন এবং বিভিন্ন টালবাহানা শুরু করেন। এভাবে প্রতিদিন অনেক মানুষকে নানা উপায়ে হয়রানি করে আসছে এই চক্র।

চেয়ারম্যান-সচিবের ভূমিকা ও তদন্ত কমিটি: স্থানীয়দের প্রশ্ন, ডিজিটাল সেন্টারে বসে একজন অস্থায়ী উদ্যোক্তা কীভাবে এ ধরনের প্রকাশ্য দুর্নীতির সাথে জড়িয়ে পড়েন? এছাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিব এই দুর্নীতিবাজ সিন্ডিকেটকে কোনোভাবে সহযোগিতা করছেন কি না, তা নিয়েও জোরালো প্রশ্ন উঠেছে। চাঞ্চল্যকর এই দুর্নীতির সত্যতা যাচাইয়ের জন্য ইতিমধ্যে একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যা খুব দ্রুতই কার্যক্রম শুরু করবে বলে জানা গেছে। ভুক্তভোগী ও এলাকাবাসী এই সিন্ডিকেটের কঠোর শাস্তি এবং দুর্নীতির নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন।

আপনার প্রতিক্রিয়া কী?

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
মজার মজার 0
রাগান্বিত রাগান্বিত 1
দুঃখিত দুঃখিত 0
ওয়াও ওয়াও 0