সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলি: অবরুদ্ধ ৩ হাজার পর্যটক উদ্ধার, শনিবারে আধাবেলা অবরোধ
রাঙামাটির সাজেকে সড়ক অবরোধ কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী ও ইউপিডিএফের সশস্ত্র গোষ্ঠীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। আটকা পড়া ৩ হাজার পর্যটককে নিরাপদে উদ্ধার করা হলেও চরম উত্তেজনা বিরাজ করছে।
পাহাড় ডেস্ক |
রাঙামাটির পর্যটন কেন্দ্র সাজেক ইউনিয়নের উজোবাজার ও গঙ্গারাম এলাকায় নিরাপত্তা বাহিনী এবং পাহাড়ি সশস্ত্র গোষ্ঠীর মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। সড়ক অবরোধ কর্মসূচীকে কেন্দ্র করে উদ্ভূত এ পরিস্থিতিতে সাজেকে বেড়াতে গিয়ে আটকা পড়েন প্রায় তিন হাজার পর্যটক। পরবর্তীতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ প্রচেষ্টায় তাঁদের নিরাপদে সরিয়ে আনা হয়।
আইএসপিআরের বক্তব্য: আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানায়, ইউপিডিএফ সমর্থিত স্থানীয় দুটি সংগঠন সাধারণ মানুষকে ‘মানবঢাল’ হিসেবে ব্যবহার করে সাজেক-বাঘাইহাট সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। পর্যটকবাহী গাড়ি চলাচলে বাধা দিলে পুলিশ ও সেনাবাহিনী তাঁদের সঙ্গে আলোচনার চেষ্টা করে। একপর্যায়ে অবরোধকারীরা আইনশৃঙ্খলা বাহিনীর ওপর ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করা হলে ইউপিডিএফের সশস্ত্র সদস্যরা নিরাপত্তাবাহিনী ও পর্যটকদের লক্ষ্য করে ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে। আত্মরক্ষায় সেনাবাহিনী পাল্টা গুলি চালালে সশস্ত্র দলটি পালিয়ে যায়।
পুলিশের প্রেস ব্রিফিং: রাঙামাটির পুলিশ সুপার জানান, সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত দুই পক্ষের মধ্যে থেমে থেমে গোলাগুলি চলে। বর্তমানে সাজেকের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং কোনো পর্যটক আহত হননি। তবে অবরোধকারীদের ছোঁড়া পাথরের আঘাতে ৪-৫ জন সেনাসদস্য এবং ২ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।
ইউপিডিএফের দাবির ভিন্নতা: অন্যদিকে, ইউপিডিএফ ঘটনার সত্যতা অস্বীকার করে দাবি করেছে, কোনো গোলাগুলির ঘটনা ঘটেনি। নিরাপত্তা বাহিনী নিজেদের ইচ্ছামতো গুলি চালিয়ে শান্তিপূর্ণ অবরোধ বানচালের চেষ্টা করেছে।
দুই জেলায় আধাবেলা অবরোধের ডাক: এ ঘটনার প্রতিবাদে এবং স্থানীয়দের দাবির সমর্থনে ‘ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ’ শনিবার (২৪ অক্টোবর) রাঙামাটি ও খাগড়াছড়ি জেলায় ভোর ৫টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আধাবেলা সড়ক ও নৌপথ অবরোধের ডাক দিয়েছে। তবে জরুরি সেবাসমূহ এই অবরোধের আওতামুক্ত থাকবে।
আপনার প্রতিক্রিয়া কী?
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
মজার
0
রাগান্বিত
0
দুঃখিত
0
ওয়াও
0