কম্বোডিয়ায় ২৬ শ্রমিকের সর্বনাশ: ডলার ও পাসপোর্ট নিয়ে দেশে পালিয়েছেন কাহালুর ‘আমিন’
কম্বোডিয়ার নমপেনে ভুয়া এজেন্সি খুলে ২৬ জন স্বল্প আয়ের বাংলাদেশি শ্রমিকের পাসপোর্ট ও ডলার হাতিয়ে নিয়ে দেশে পালিয়েছেন আমিন নামের এক প্রতারক। তাঁর বাড়ি বগুড়ার কাহালু বলে জানা গেছে।
প্রবাস ও অনুসন্ধান ডেস্ক |
কম্বোডিয়ায় কর্মরত গার্মেন্টস ও নির্মাণশ্রমিকসহ ২৬ জন স্বল্প আয়ের বাংলাদেশি নাগরিকের সঙ্গে ভয়াবহ প্রতারণার ঘটনা ঘটেছে। ভিসা করে দেওয়ার প্রলোভন দেখিয়ে তাঁদের পাসপোর্ট ও মোটা অঙ্কের ডলার হাতিয়ে নেওয়ার পর অভিযুক্ত প্রতারক কম্বোডিয়া ছেড়ে বাংলাদেশে পালিয়ে এসেছেন বলে অভিযোগ উঠেছে। প্রতারণার শিকার ব্যক্তিদের দাবি, গত ২ মাসের বেশি সময় তার কোন হদিস না পাওয়া তারা ইমিগ্রেশনে খোজ নিয়ে জানতে পারে সে দেশে চলে গেছে। অভিযুক্ত ওই ব্যক্তির নাম আমিন এবং তাঁর বাড়ি বগুড়ার কাহালু এলাকায়।
যেভাবে ভুয়া অফিস খুলে প্রতারণা: প্রবাসবিষয়ক একাধিক পোর্টাল (প্রবাস কথা, আজকালের প্রবাস, প্রবাসের দিনকাল) এবং কম্বোডিয়ার সংবাদমাধ্যম ‘খমের নিউজ’ (Khmer News)-এর তথ্য পর্যালোচনা করে জানা গেছে, অভিযুক্ত আমিন কম্বোডিয়ার রাজধানী নমপেনে একটি দোকান ভাড়া নিয়ে কয়েকজন সহযোগীর সহায়তায় ভুয়া রিক্রুটিং অফিস খোলেন। সেখান থেকে ২৬ জন অতি দরিদ্র ও স্বল্প বেতনের বাংলাদেশি শ্রমিকের কাছ থেকে ভিসার আশ্বাসে পাসপোর্ট সংগ্রহের পাশাপাশি জনপ্রতি ৬০০, ৭০০ থেকে শুরু করে ১ হাজার ডলার পর্যন্ত অর্থ নেন।
আস্থা অর্জনের জন্য শুরুতে চারজনকে ভিসা দেওয়া হলেও পরবর্তীতে সেগুলো নকল বা ডুপ্লিকেট হিসেবে প্রমাণিত হয়। এদিকে গত ২ নভেম্বর নমপেন পুলিশের এক অভিযানে ওই ভুয়া কার্যালয় থেকে ১৮টি পাসপোর্ট উদ্ধার ও জব্দ করা হয়। তবে বাকি চারটি পাসপোর্টের কোনো হদিস মেলেনি এবং আত্মসাৎ করা অর্থও উদ্ধার করা সম্ভব হয়নি। এরই মধ্যে প্রতারক আমিন নমপেন থেকে পালিয়ে বাংলাদেশে চলে আসেন। তাঁর সহযোগীরা এখনো কম্বোডিয়ায় অবস্থান করছেন কি না, তা খতিয়ে দেখছে স্থানীয় পুলিশ।
ভুয়া পরিচয় ও ভুক্তভোগীদের ক্ষোভ: ভুক্তভোগী শ্রমিকেরা জানান, আমিন দীর্ঘদিন ধরে এ ধরনের প্রতারণায় জড়িত। কম্বোডিয়ায় তিনি নিজেকে কাহালু উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা হিসেবে পরিচয় দিতেন এবং সেখানে অবস্থানরত দলটির নেতাদের আশ্রয় ও সহায়তা দেওয়ার কথা বলে সাধারণ শ্রমিকদের বিশ্বাস অর্জন করতেন। এই প্রভাব ও প্রলোভন দেখিয়েই তিনি অসহায় কর্মীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেন।
প্রতারণার শিকার কর্মীরা জানান, দ্রুত সময়ের মধ্যে কম্বোডিয়ার প্রয়োজনীয় কাজ গুছিয়ে তাঁরা দেশে ফিরে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন। পাশাপাশি অভিযুক্তের পূর্ণ ঠিকানা বা পরিচয় জানলে সংশ্লিষ্ট প্রবাস হেল্প গ্রুপ কিংবা নির্ধারিত হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ জানানো হয়েছে।
আপনার প্রতিক্রিয়া কী?
লাইক
0
অপছন্দ
1
ভালোবাসা
0
মজার
0
রাগান্বিত
0
দুঃখিত
1
ওয়াও
0