উখিয়ার ইনানীতে নলকূপের গ্যাসে আগুন: ১৪৪ ধারা জারি ও ৩ স্তরের নিরাপত্তাবলয়
কক্সবাজারের উখিয়ার ইনানীতে নলকূপ খননের সময় উঠে আসা গ্যাসের আগুন ১৫ দিন পর্যবেক্ষণের সিদ্ধান্ত নিয়েছে পেট্রোবাংলা। অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে এলাকাটিতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
কক্সবাজারের উখিয়ার ইনানীতে গভীর নলকূপ খননের সময় মাটির নিচ থেকে বেরিয়ে আসা গ্যাসের আগুন আপাতত জ্বালিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। গ্যাস জমে ভূগর্ভে যাতে অতিরিক্ত চাপ সৃষ্টি হয়ে বড় ধরনের বিস্ফোরণ না ঘটে, সে কারণেই আগুন না নেভানোর পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থল ও এর আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় উপজেলা প্রশাসন।
১৫ দিনের পর্যবেক্ষণ ও তিন স্তরের নিরাপত্তা: উখিয়া উপজেলা প্রশাসন ও পেট্রোবাংলা সূত্রে জানা গেছে, আপাতত টানা ১৫ দিন গ্যাসের প্রবাহ পর্যবেক্ষণ করা হবে। সম্ভাব্য ঝুঁকি এড়াতে পুরো এলাকাটিকে তিন স্তরের নিরাপত্তাবলয়ে ভাগ করা হয়েছে:
-
রেড জোন (৫০ মিটার): গ্যাস নির্গমনের কেন্দ্র থেকে ৫০ মিটারের মধ্যে সাধারণ মানুষের প্রবেশ ও অবস্থান সম্পূর্ণ নিষিদ্ধ।
-
নো ফায়ার জোন (১০০ মিটার): পরবর্তী ১০০ মিটারের মধ্যে ধূমপান, লাইটার বা যেকোনো উপায়ে আগুন ও স্ফুলিঙ্গ জ্বালানো কঠোরভাবে নিষেধ।
-
অবজারভেশন জোন (২০০ মিটার): ২০০ মিটার পর্যন্ত এলাকায় নতুন কোথাও থেকে গ্যাস বের হচ্ছে কি না তা বাপেক্সের কারিগরি দল সার্বক্ষণিক পর্যবেক্ষণ করবে।
১৪৪ ধারা জারি ও প্রশাসনের কঠোরতা: উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন যে, ইনানী ছোট খাল ব্রিজসংলগ্ন গ্যাস নির্গমন স্থানের ২০০ মিটার ব্যাসার্ধের মধ্যে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে সেখানে পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।
পরীক্ষা-নিরীক্ষা ও নমুনা সংগ্রহ: শুক্রবার পেট্রোবাংলার পরিচালক মো. শোয়েবের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পর্যবেক্ষণ করে। বাপেক্সের কারিগরি দল মাটির শিলা ও পানির নমুনা সংগ্রহ করে ল্যাবে পরীক্ষার জন্য পাঠিয়েছে। গ্যাসের সঠিক উপাদান জানতে ও পরবর্তী কৌশল নির্ধারণে পরীক্ষার ফলাফলের ওপর নির্ভর করা হচ্ছে। ১৫ দিনের মধ্যে প্রবাহ প্রাকৃতিকভাবে কমে না গেলে বিশেষজ্ঞদের পরামর্শে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
আপনার প্রতিক্রিয়া কী?
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
মজার
0
রাগান্বিত
0
দুঃখিত
0
ওয়াও
0